জুলাই সনদ বাস্তবায়নে দেরি হলে গণআন্দোলনের ইঙ্গিত

গণরায় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতার।

টুইট প্রতিবেদক: রাজধানীর কাফরুলে আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা কিংবা জনগণের গণরায় নিয়ে ষড়যন্ত্র করা হলে সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত ওই শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে সমর্থন দিয়েছে। কিন্তু ‘ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে’ সেই গণরায় পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী শুধু একটি বিরোধী রাজনৈতিক দল নয়, এটি একটি জননন্দিত আদর্শিক শক্তি। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পক্ষে কথা বলে যাব। কোনো চাপ কিংবা আপসের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিনের যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য, প্রজ্ঞা, ঈমান, তাকওয়া ও সাংগঠনিক ঐক্য ধরে রাখতে হবে। একইসঙ্গে সংগঠনের রুকনদের আদর্শিকভাবে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও ‘জুলাই সনদ’ ইস্যুকে সামনে রেখে বিরোধী দলগুলো নতুন করে মাঠ রাজনীতি জোরদারের চেষ্টা করছে।

এর অংশ হিসেবেই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে জামায়াতে ইসলামী।