নরসিংদীতে পরশের ব্যাটে রেকর্ড ঝড়

৩২ বলেই ১০৮ রান, টি-টেনে ২১১ রানের পাহাড় গড়ে ফাইনালে সদর উপজেলা
টুইট ডেস্ক: নরসিংদীতে চলমান প্রতিভা অন্বেষণমূলক ক্রিকেট আয়োজন ‘নতুন কুঁড়ি’ টি-টেন টুর্নামেন্টে ব্যাট হাতে বিস্ময় ছড়িয়েছেন কিশোর ক্রিকেটার তরিকুল ইসলাম পরশ। মাত্র ৩২ বলে অপরাজিত ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ক্রিকেটপ্রেমীদের নজর কাড়েন। তার ঝড়ো ব্যাটিংয়ে শিবপুর উপজেলাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে নরসিংদী সদর উপজেলা।
বৃহস্পতিবার (৮ মে) নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে সদর উপজেলা। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন পরশ। চার-ছক্কার বন্যা বইয়ে মাত্র ৩২ বলেই শতরান পূর্ণ করেন এই তরুণ ব্যাটার।
তার অপরাজিত ১০৮ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ১০টি বিশাল ছক্কা। পরশের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সদর উপজেলা। টি-টেন ক্রিকেটে এমন সংগ্রহ স্থানীয় পর্যায়ে বিরল বলেই মনে করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শিবপুর উপজেলা। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে তারা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৫৬ রান। ফলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে নরসিংদী সদর উপজেলা।
স্থানীয় সূত্র জানায়, তরিকুল ইসলাম পরশের বেড়ে ওঠা একেবারেই সাধারণ পরিবারে। তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন তিনি।
মজার বিষয় হলো, প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি পরশ। তবে বল হাতে ২ ওভারে ২ উইকেট নিয়ে তখনই নিজের সম্ভাবনার আভাস দিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার।
দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার মূল লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা। আর সেই মঞ্চেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এলেন নরসিংদীর তরিকুল ইসলাম পরশ।
স্থানীয় ক্রীড়ামোদীদের বিশ্বাস, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় দলের জার্সিতেও দেশের হয়ে উজ্জ্বল করতে পারেন এই উদীয়মান ক্রিকেটার।






