জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নতুন কমিটির শ্রদ্ধা

ঐক্য ও আন্দোলনের প্রত্যয়ে নেতাকর্মীদের উপস্থিতি
টুইট প্রতিবেদক: ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি।
শুক্রবার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় নেতৃবৃন্দ দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ।
এছাড়া সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস ও বাপ্পিসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে।
একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।






