জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে জামায়াত আমিরের কূটনৈতিক তৎপরতা

টোকিওতে জাপানের পররাষ্ট্র ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক, ক্যান্সার হাসপাতাল স্থাপনের আহ্বান।
টুইট প্রতিবেদক: টোকিওতে জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি এমপির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুরুতেই ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও বহুমাত্রিক ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় পক্ষ।
বৈঠকে ডা. শফিকুর রহমান বিশেষভাবে বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে জাপানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে জাপান।
ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপিও উপস্থিত ছিলেন।






