ইউরোপ কাঁপাচ্ছে ইংলিশ ক্লাবগুলো

প্রথমবার তিন ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে তিন ইংলিশ দলের ইতিহাস।

টুইট ডেস্ক: ইউরোপীয় ক্লাব ফুটবলে এবার যেন ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ইতিহাসে প্রথমবারের মতো একই মৌসুমে ইউরোপের তিন প্রধান ক্লাব প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে তিনটি ইংলিশ ক্লাব।

চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল, ইউরোপা লিগে অ্যাস্টন ভিলা এবং কনফারেন্স লিগে ক্রিস্টাল প্যালেসের উত্থানে নতুন এক রেকর্ডের সাক্ষী হচ্ছে ইউরোপীয় ফুটবল।

চলতি সপ্তাহে সেমিফাইনালের নাটকীয় লড়াই শেষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কৌশলী ও আক্রমণাত্মক ফুটবল খেলে ফাইনালের টিকিট কেটে নেয় মিকেল আরতেতার দল। দীর্ঘদিন পর ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফিরেছে লন্ডনের ক্লাবটি।

অন্যদিকে ইউরোপা লিগে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে অ্যাস্টন ভিলা। প্রথম লেগে পিছিয়ে থেকেও ফিরতি ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উনাই এমেরির দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে তারা। এর মধ্য দিয়ে ইউরোপা লিগে নিজের অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন এমেরি।

স্পেনের সেভিয়ার হয়ে টানা তিনবার এই শিরোপা জেতা এমেরি এবার অ্যাস্টন ভিলাকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রেইবুর্গ। ২০ মে ইস্তাম্বুলে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

কনফারেন্স লিগেও ইংলিশ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ক্রিস্টাল প্যালেস। সেমিফাইনালে শাখতার দোনেৎস্ককে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ক্লাবটি। ২৭ মে তাদের প্রতিপক্ষ হবে স্পেনের রায়ো ভায়েকানো।

বিশ্লেষকদের মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক শক্তি, প্রতিযোগিতামূলক কাঠামো এবং বিশ্বমানের কোচিং এখন ইউরোপীয় ফুটবলে ইংল্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গত মৌসুমেও তিনটি আলাদা প্রতিযোগিতার ফাইনালে তিন ইংলিশ দলের সম্ভাবনা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত তা বাস্তব হয়নি। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ডের ক্লাবগুলো।

ইউরোপীয় ফুটবলের শক্তির মানচিত্রে ইংলিশ আধিপত্যের এই উত্থান আগামী মৌসুমগুলোতেও বড় বার্তা হয়ে থাকবে।