জাপানে দূতাবাসে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রবাসী স্বার্থ, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্বারোপ।

টুইট প্রতিবেদক: জাপানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, প্রবাসীদের কল্যাণ, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানির বিষয় গুরুত্ব পায়।

দূতাবাস সূত্রে জানা যায়, বৈঠকে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও প্রযুক্তিখাতে সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা দূতাবাসের সেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কূটনৈতিক মিশনগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের সেবার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সভায় রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণে দূতাবাসের চলমান কার্যক্রম তুলে ধরেন।

তিনি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।

মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে বিরোধীদলীয় নেতা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।