ইসলামী ঐক্যের ডাক হাবিবুল্লাহ মিয়াজীর আহ্বান

নরসিংদীর সম্মেলনে হাবিবুল্লাহ মিয়াজীর আহ্বান,ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা অসম্ভব।

টুইট প্রতিবেদক: দেশে কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী দল ও আলেম সমাজের বৃহত্তর ঐক্যের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেছেন, বিভক্ত অবস্থায় ইসলামী রাজনীতির লক্ষ্য অর্জন সম্ভব নয়; বরং আদর্শিক ও সাংগঠনিক ঐক্যই হতে পারে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রধান শক্তি।

বৃহস্পতিবার বিকেলে নরসিংদীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, স্বাধীনতার পর ১৯৮১ সালে হাফেজ্জী হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম-উলামা ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামী আদর্শের পক্ষে জনগণের গণরায় নিশ্চিত করতে হাফেজ্জী হুজুর রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের হাফেজ্জী হুজুরের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করতে হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, “উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষ অনেক আগেই কাঙ্ক্ষিত ইসলামী শাসনব্যবস্থার স্বাদ পেত।”

সম্মেলনে জেলা আমির মুফতি মোশাররফ হোসেন রায়পুরীর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাইল ভাওয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা জালালুদ্দিন সরকার ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।

সম্মেলনে বক্তারা ইসলামী রাজনীতির বর্তমান চ্যালেঞ্জ, ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির সমন্বয় এবং আগামী দিনের সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা করেন। তাদের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে,ইসলামী দলগুলোর পারস্পরিক বিভক্তি কাটিয়ে আদর্শিক ঐক্য প্রতিষ্ঠাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ ও নির্বাচনমুখী তৎপরতার প্রেক্ষাপটে ইসলামী দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা চালাচ্ছে।

নরসিংদীর এই সম্মেলনও সেই বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।