পুলিশে শৃঙ্খলা ফিরছে, সেনা প্রত্যাহারের প্রস্তুতি

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পুনর্বিন্যাসে সরকারের উদ্যোগ।

টুইট প্রতিবেদক: রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও কার্যক্রমে গতি ফিরে আসায় পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল এবং পুলিশ বাহিনীও কার্যকরভাবে দায়িত্ব পালন করছে। এ কারণে দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজনীয়তা কমে এসেছে। তবে সেনাসদস্যদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীকে আরও সক্ষম করে তুলতে কাজ করছে। মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টনের বিষয়টিও নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে।

এদিকে পাথর উত্তোলন নিয়ে সরকারের নতুন উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পরিবেশ রক্ষা ও বৈধ পাথর উত্তোলন নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত এ কমিটি কোন এলাকা থেকে, কত গভীর পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে,সেসব বিষয়ে সুপারিশ দেবে।

সরকারের দাবি, পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।