দুর্গাপুরে শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ভোজ

সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন জোরদারে মিলনমেলা

টুইট ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। পেশাগত সম্পর্কের বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোট, দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা শিক্ষক ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে তিনি শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ঐক্য ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। এ ধরনের আয়োজন সেই ঐক্যের ভিত্তিকে শক্তিশালী করে এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সদস্য জার্জিস হোসেন সোহেল এবং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মৃধা।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোট, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি রফিক উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এমন মিলনমেলার আয়োজন শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক এবং শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।