লন্ডনে নাজমুল হাসান পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা।
টুইট ডেস্ক: লন্ডনের রাস্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে একা বসে আইসক্রিম খেতে দেখা যায়।
বুধবার (৬ মে) সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
পোস্টে তিনি লেখেন, লন্ডনের বন্ড স্ট্রিট এলাকায় পাপনকে আইসক্রিম খেতে এবং প্রাইমার্ক থেকে কেনাকাটা করতে দেখা গেছে। তার এই মন্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
ছবিটি প্রকাশের পর অনেকেই ক্ষমতার পরিবর্তন, সময়ের বাস্তবতা এবং রাজনৈতিক জীবনের পরবর্তী অবস্থান নিয়ে মন্তব্য করেন। কেউ কেউ বিষয়টিকে সাধারণ জীবনযাপনের প্রতিফলন হিসেবে দেখলেও অনেকে তা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, ক্ষমতা না থাকলে প্রভাবশালী ব্যক্তিরাও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। আবার কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোর সমালোচনাও করেছেন।
তবে ছবিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






