প্রবাসে সংগঠন শক্তিশালী করতে এনসিপির নতুন উদ্যোগ

‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠনের মাধ্যমে ২৬ দেশে সাংগঠনিক বিস্তার জোরদার করবে দলটি।
টুইট প্রতিবেদক: প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নতুন সেল গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রবাসী রাজনীতিতে সংগঠনের কার্যক্রম সমন্বয় ও সম্প্রসারণই এর মূল লক্ষ্য।
নবগঠিত সেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। তিনি একই সঙ্গে এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সেলটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির প্রবাসী সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স’-এর কার্যক্রম তদারক করবে এই নতুন সেল। ইতোমধ্যে ২৬টি দেশে কমিটি গঠন করেছে এই এলায়েন্স। গত জাতীয় নির্বাচনে গণভোটে প্রচারণা এবং আর্থিক অনুদান সংগ্রহে প্রবাসী সংগঠনটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের মতে, প্রবাসীদের সংগঠিত অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সেই লক্ষ্যেই সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করা হচ্ছে।
এনসিপি নেতৃত্ব মনে করছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে দলটির রাজনৈতিক উপস্থিতি ও প্রভাব আরও বিস্তৃত হবে।






