শাপলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল দাবি

শাপলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল দাবি

বিচারহীনতায় ক্ষোভ, তদন্ত কমিশন গঠনের আহ্বান হেফাজতের

ঢাকা: শাপলা চত্বরে সংঘটিত কথিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের শাস্তির দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর। একইসঙ্গে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার ও সংগঠনের ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

শনিবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এসব দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাপলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এতে সমাজে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্বকারী সংগঠনের জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, বিচারহীনতার সংস্কৃতি একটি রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।

তিনি শাপলার ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা বলেন, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও বিচার না হলে জনমনে আস্থাহীনতা আরও বাড়বে এবং তা রাষ্ট্রের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে।

সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে শাপলা চত্বরে নিহতদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।