মাইরিন-সাকিবুলের ঝড়, নতুন কুঁড়িতে নজর কাড়ল দুই কিশোর প্রতিভা

ফুটবলে হ্যাটট্রিক, ক্রিকেটে বিধ্বংসী বোলিং, চতুর্থ  দিনে উজ্জ্বল চট্টগ্রাম ও ঝিনাইদহ।

টুইট ডেস্ক: নতুন কুঁড়ি স্পোর্টসের চতুর্থ দিনে মাঠ দাপিয়ে বেড়াল দেশের দুই প্রান্তের দুই তরুণ প্রতিভা। চট্টগ্রামে বালিকা ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ঝিনাইদহে কিশোর স্পিনার সাকিবুল হাসানের ঘূর্ণি জাদু,দুই পারফরম্যান্সই দিনটিকে করে তোলে স্মরণীয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে একচেটিয়া আধিপত্য দেখায় পটিয়া উপজেলা দল।

খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাইরিন আক্তারের দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় তারা।

একাই তিনটি গোল করে আসরের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব গড়ে মাইরিন, যা তাকে এনে দেয় দিনের সেরা পারফরমারের স্বীকৃতি।

অন্যদিকে ঝিনাইদহে ক্রিকেট মাঠে দেখা যায় ভিন্ন এক বিস্ময়। কালীগঞ্জ উপজেলার হয়ে খেলতে নেমে স্পিনার সাকিবুল হাসান কার্যত একাই ধসিয়ে দেন কোটচাঁদপুরের ব্যাটিং লাইনআপ। মাত্র দুই ওভার বল করে একটি মেডেনসহ মাত্র পাঁচ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নেয় এই কিশোর। এর মধ্যেই সম্পন্ন হয় আসরের প্রথম হ্যাটট্রিক।

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুলের এই বিধ্বংসী বোলিংয়ে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রানেই গুটিয়ে যায়। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা দল। এই জয়ের ফলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা সাকিবুল,নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান,তার পারফরম্যান্সে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।

একইভাবে মাইরিনের হ্যাটট্রিকও নারী ফুটবলে ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের এবারের আসরে এমন পারফরম্যান্স প্রমাণ করছে, দেশের তৃণমূলেই লুকিয়ে আছে আগামী দিনের ক্রীড়া নক্ষত্ররা।