বিএনপির অঙ্গসংগঠনে বড় রদবদলের আভাস

তরুণ ও ত্যাগীদের প্রাধান্যে আসছে নতুন নেতৃত্ব, বাড়ছে পদপ্রত্যাশীদের তৎপরতা।
টুইট ডেস্ক: সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবার সক্রিয় হয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্ব আসার খবরে পদপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে কয়েকগুণ। আন্দোলন-সংগ্রামে নিজেদের অবদানের কথা তুলে ধরে অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গসংগঠনগুলো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে একাধিক বৈঠকে দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এসব বৈঠকে ত্যাগী, যোগ্য ও তরুণ নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “অঙ্গসংগঠন পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। নতুন নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমেই সংগঠনকে শক্তিশালী করা হবে।”
বর্তমানে বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটিই মেয়াদোত্তীর্ণ। গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি-যা সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আগামী ৯ মে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। ওই বৈঠক থেকেই নতুন নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পুনর্গঠন প্রক্রিয়া সফল হলে বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতি ফিরে আসবে এবং আগামী দিনের রাজনৈতিক কৌশলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






