পুলিশের ইউনিফর্মে পরিবর্তন

আগের শার্ট বহাল, প্যান্ট হবে খাকি পোশাক নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে সিদ্ধান্ত, শিগগিরই বাস্তবায়ন।
টুইট ডেস্ক : দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের বর্তমান শার্ট অপরিবর্তিত থাকছে, তবে প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে খাকি।
সোমবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, বিদ্যমান পুলিশ ইউনিফর্ম নিয়ে সারাদেশে এবং বাহিনীর ভেতরেই অসন্তোষ ছিল।
এটি সর্বজনগ্রাহ্য হয়নি এবং মানানসই নয় বলেও মতামত এসেছে। এ অবস্থায় পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। তিনি জানান, ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য একটি পোশাক নির্ধারণের লক্ষ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগের শার্ট বহাল রেখে প্যান্টকে খাকি রঙে পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছু সময় লাগবে। কারণ হিসেবে তিনি কাপড় উৎপাদন, সরবরাহ ও প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেন।
যদিও এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, এক সাংবাদিককে বিদেশ যেতে না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।






