প্রকল্প অনুমোদনে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর জোর।

টুইট ডেস্ক: প্রকল্প অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার কথাও তিনি বলেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ কল কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে প্রকল্প অনুমোদনের বিদ্যমান দীর্ঘসূত্রতা দূর করতে হবে। যেসব দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দেওয়ারও নির্দেশ দেন তিনি।

বৈঠকে সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা ও সময়ক্ষেপণ বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উঠে আসে

এ ছাড়া বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।