আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ, পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

দল বদলের ইচ্ছা নেই; রাজনীতিতে অনুগত থাকার বার্তা সাবেক অধিনায়কের
টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকলে তিনি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গেই যুক্ত থাকতে চান। দল পরিবর্তনের কোনো অভ্যাস বা ইচ্ছা তার কখনোই ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাকিব বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে যেখানে যুক্ত হয়েছেন, সেখানেই তিনি অনুগত থেকেছেন।
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আওয়ামী লীগেই তার অঙ্গীকার রয়েছে। “আমার দল পরিবর্তনের শখ নেই, ইচ্ছাও নেই। আমি কখনোই পল্টি দেওয়ার রাজনীতি করিনি,”—বলেন তিনি।
বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি সীমাবদ্ধ থাকলেও তা স্থায়ী হবে না বলে বিশ্বাস করেন এই তারকা অলরাউন্ডার। তার ভাষ্য, কোনো দলকে জোর করে দমিয়ে রাখা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনে না।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে একই বছরের আগস্টে সরকার পতনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং এরপর আর দেশে ফেরেননি।
রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে বিরোধীদের দমনের প্রবণতা দেখা গেছে। এই চক্র থেকে বের হতে হলে একটি পক্ষকে ইতিবাচক উদ্যোগ নিতে হবে।
সাকিব আরও মনে করেন, একটি দল যদি ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে পারে, তবে তা জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই দেশের রাজনীতির জন্য সবচেয়ে কল্যাণকর বলেও মন্তব্য করেন তিনি।






