যমুনেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ, ২৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বদরগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে শোক, বালু উত্তোলন নিয়ে নতুন উদ্বেগ

টুইট ডেস্ক: রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সংলগ্ন যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর কদমতলা এলাকার বাতায়ন মাদ্রাসার ১২-১৩ বছর বয়সী ছয়জন ছাত্র নদীতে গোসলে নামে। তাদের মধ্যে পাঁচজন নিরাপদে তীরে উঠতে পারলেও সুপ্ত (১৩) পানিতে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই রংপুর ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দিনভর অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার (২ মে) স্থানীয় জেলেরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা জানান, যমুনেশ্বরী নদীর ওই অংশে পূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত ২২ এপ্রিল একই এলাকায় নদীর বালুর গর্তে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।