শ্রমিকের প্রাণহানি বন্ধে কঠোর বার্তা

মে দিবসে নোয়াখালীতে সমাবেশে শাহজাহান এমপি,চাঁদাবাজি ও স্বার্থান্বেষী নেতৃত্বের বিরুদ্ধেও সতর্কতা।
টুইট ডেস্ক: নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আর কোনো প্রাণহানি না ঘটার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বলেছেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ যেন কেউ চাঁদা হিসেবে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (১ মে) বিকেলে জেলা শহর মাইজদীতে জেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি জেলা জামে মসজিদ সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাহজাহান এমপি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকদের পক্ষে কথা বলার দাবি করে কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত হয়ে পড়েন। এতে শ্রমিকদের প্রকৃত অধিকার উপেক্ষিত হয়। তিনি শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, দেশের মেহনতি মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মে দিবসের এই কর্মসূচি ঘিরে নোয়াখালীতে দিনব্যাপী শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।






