চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণ

রাজশাহীতে স্টেশন এলাকায় দম্পতির ওপর হামলা, মামলা দায়ের; অভিযুক্ত পলাতক
টুইট ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে গুরুতর আহত করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি ট্রেন ও স্টেশনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে পপকর্ণ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই দম্পতি। দিনভর বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন তারা। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় হামলার শিকার হন।
অভিযোগ অনুযায়ী, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি হঠাৎ তাদের ওপর হামলা চালায়। প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার কাছ থেকে বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে প্রাণভয়ে তিনি সেখান থেকে সরে গেলে অভিযুক্ত পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তার চিৎকারে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্তের পরিচয় জানতে পারেন।
সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির বলেন, “ঘটনাটি গভীর রাতে স্টেশনের পাশে ঘটলেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়।”
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তের বাড়ি উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






