রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীর কাঁকনহাটে ডিবি পুলিশের অভিযানে ধরা মাদক কারবারি
টুইট ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে উপজেলার কাঁকনহাট বাজার এলাকার খাদ্য গুদামের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাত ১২টা ৪০ মিনিটের দিকে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাঁকনহাট বাজারে অবস্থান নেয় পুলিশ।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালানোর চেষ্টা করলে রাত ১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।






