গণতন্ত্রের পথে অগ্রযাত্রা ঠেকাতে নতুন ষড়যন্ত্র: তারেক রহমান

মে দিবসের সমাবেশে সতর্কবার্তা ‘বাংলাদেশকে বিশ্বদরবারে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

টুইট প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছায় শুরু হওয়া গণতান্ত্রিক যাত্রা কিছু শক্তির পছন্দ নয়, তাই তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি থেকে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। ইতিহাস বলে, যখনই বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়েছে, তখনই শিল্পকারখানা গড়ে উঠেছে, অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ একসময় বিশ্বে ‘উদীয়মান বাঘ’ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সেই ধারাবাহিকতা পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে দেশবিরোধী মহল সক্রিয় হয়ে উঠেছে দাবি করে তারেক রহমান বলেন, “তারা চায় না দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাক। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিতর্কিত করতে চায়, বন্ধুহীন করার অপচেষ্টা চালাচ্ছে।”

তবে বর্তমান সরকার জনগণের সমর্থন নিয়ে পরিচালিত হওয়ায় বিশ্বদরবারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

“বিভিন্ন দেশ এখন বিনিয়োগের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে,এটি আমাদের জন্য বড় সুযোগ,” যোগ করেন তিনি।

শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম।

তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি সতর্ক করে বলেন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অতীতে স্বৈরাচারের বিরুদ্ধে যেমন দীর্ঘ আন্দোলন চালানো হয়েছিল, তেমনি ভবিষ্যতেও যে কোনো ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।