শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তারাগঞ্জে বর্ণাঢ্য মে দিবস পালন

র্যালি ও আলোচনা সভায় ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে দিনব্যাপী এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তারাগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নিয়ে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কর্মপরিবেশ নিরাপদ রাখা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক তারার আলোর সম্পাদক খবির উদ্দিন প্রামানিক, উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকিম আলী প্রামানিক। এছাড়াও স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শ্রমিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে শ্রমিকদের ঐক্য, অধিকার সচেতনতা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান উঠে আসে।






