মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তায় জোর, উন্নয়নের অগ্রযাত্রায় অঙ্গীকার পুনর্ব্যক্ত।

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

শুক্রবার সকালে বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শ্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

এ কর্মসূচির আয়োজন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং গ্রাম কল্যাণ কেন্দ্র সপুরা।

সংশ্লিষ্টরা জানান, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব। মে দিবসের এই আয়োজন সেই সচেতনতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।