৭ মার্চের ভাষণ বিতর্কে ইমির জামিন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের আদেশ।
টুইট ডেস্ক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি–কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইকে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এতে বাধা দেয়।
এ সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির–এর নেতৃত্বে একদল শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এক পর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ এবং গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এই প্রেক্ষাপটে হাইকোর্টের জামিন আদেশে মামলাটির আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো বলে সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন।






