দুই মামলায় আইভীর জামিন, হাইকোর্টের আদেশ

সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় স্বস্তি পেলেন সাবেক মেয়র।
টুইট ডেস্ক: সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর কার্যকারিতা স্থগিত করা হয়।
সর্বশেষ, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এই প্রেক্ষাপটে হাইকোর্টের সর্বশেষ জামিন আদেশে আইনি প্রক্রিয়ায় নতুন মোড় তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।






