টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, জরিমানা

তারাগঞ্জে ৬০ হাজার টাকা দণ্ড, বন্ধ ঘোষণা ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি

টুইট ডেস্ক : রংপুরের তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ও গলিয়ে এক ধরনের ফার্নেস অয়েল উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। এতে আশপাশের এলাকায় কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই আশপাশের মানুষ নানা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(গ) এবং দণ্ড ১৫(১)-এর ক্রমিক নম্বর ৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ ছাড়া পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস) ও পরিবেশ ছাড়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি আর পরিচালনা করা যাবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ঢাকার এক ব্যক্তি পরিচালনা করলেও ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. আল আমীন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া এলাকায়।

অভিযানকালে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ মো. মলিন মিয়াও উপস্থিত ছিলেন।