এসএসসির প্রশ্নে ফুটবল তারকা হামজা, আলোচনায় কুমিল্লা বোর্ড

ইংরেজি দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে যুক্ত করা হয় জাতীয় দলের ফুটবলারের প্রসঙ্গ, শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ।
টুইট ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্রে ব্যতিক্রমী সংযোজন হিসেবে উঠে এসেছে জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর নাম। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে তাকে ঘিরে প্রণয়ন করা একটি ব্যাকরণভিত্তিক প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় শব্দ গঠন (প্রত্যয়-উপসর্গ) অংশে হামজাকে কেন্দ্র করে একটি শূন্যস্থান পূরণের প্রশ্ন দেওয়া হয়। এতে তার জনপ্রিয়তা, আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ, বিভিন্ন দেশের বিপক্ষে পারফরম্যান্স এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এমন প্রাসঙ্গিক ও সমসাময়িক বিষয় যুক্ত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ইতোমধ্যে বাংলা ও ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। ধারাবাহিকভাবে প্রশ্নপত্রে নতুনত্ব আনার প্রচেষ্টা হিসেবে কুমিল্লা বোর্ডের এই উদ্যোগ শিক্ষার্থীদের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে। অনেক পরীক্ষার্থী জানিয়েছেন, পরিচিত ও প্রিয় একজন ক্রীড়াবিদকে প্রশ্নে পেয়ে তারা আগ্রহের সঙ্গে উত্তর দিতে পেরেছেন।
উল্লেখ্য, বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী।
গত বছরের মার্চে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেকের পর থেকেই দেশের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তার এই জনপ্রিয়তাই এবার শিক্ষাঙ্গনেও প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
শিক্ষাবিদরা বলছেন, পাঠ্যসূচির বাইরে গিয়ে বাস্তব ও সমসাময়িক বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে।
কুমিল্লা বোর্ডের এই উদ্যোগ ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও তারা মনে করছেন।






