শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন

৩৬ বছর পর ভোটে দপ্তর সম্পাদক হলেন ‘আমার দেশ’-এর আল-আমিন,দীর্ঘদিন পর শান্তিপূর্ণ নির্বাচনে নতুন নেতৃত্বে প্রত্যাশা সাংবাদিক মহলে

টুইট প্রতিবেদক: শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি মো. আল-আমিন।

একই সঙ্গে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। দীর্ঘ বিরতির পর এমন একটি সুষ্ঠু নির্বাচন সাংবাদিক সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান হৃদয় বিজয়ী হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জামাল মল্লিক এবং সহ-প্রচার সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, আইন সম্পাদক সোহেল রানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরিফুল আলম ইমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য সম্পাদক হয়েছেন আলমগীর হোসেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো. আল-আমিন বলেন, দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলকে সঙ্গে নিয়ে শরীয়তপুর প্রেসক্লাবকে আধুনিক, গতিশীল ও সংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ করা হবে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।