বান্দরবানে আইনগত সহায়তা দিবস উদযাপন

র্যালি ও আলোচনা সভায় বিনামূল্যে আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান
টুইট ডেস্ক: বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত বান্দরবান প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামিউল হায়দার, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আব্দুর রহমান, সেনা রিজিয়নের ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম এবং লিগ্যাল এইড অফিসার আয়েশা সিদ্দিকা আয়মনসহ বিচারক, আইনজীবী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পরে সকাল সাড়ে ১০টায় আদালতের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সুবিধাবঞ্চিত জনগণের কাছে এ সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়, যা আইনগত সহায়তা কার্যক্রমে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর প্রতি বছর ২৮ এপ্রিল এ দিবসটি পালন করে থাকে, যাতে সাধারণ জনগণ বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতন হতে পারে।






