চট্টগ্রাম রেঞ্জে সেরা সাঁতারু বান্দরবান পুলিশের আজিম

আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতায় দুই ইভেন্টে চ্যাম্পিয়ন, একটিতে রানারআপ; এসপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক; বান্দরবান: চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কনস্টেবল মো. আজিম উদ্দিন। চারটি ইভেন্টের মধ্যে তিনটিতে অংশ নিয়ে তিনি দুইটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানারআপ হয়ে এই কৃতিত্ব অর্জন করেন।
তার এই সাফল্যে বান্দরবান জেলা পুলিশের জন্য এসেছে অনন্য সম্মান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান কৃতী সাঁতারু আজিম উদ্দিনকে অভিনন্দন জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রাইজমানি প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, সহকর্মীর এই অর্জনে জেলা পুলিশ গর্বিত। এমন সাফল্য বাহিনীর অন্য সদস্যদের অনুপ্রাণিত করবে এবং পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্রীড়া দক্ষতা উন্নয়নের গুরুত্ব আরও বাড়াবে।
চট্টগ্রাম রেঞ্জজুড়ে “সেরা সাঁতারু” নির্বাচিত হওয়াকে জেলা পুলিশের ক্রীড়া সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






