অন্যায় গ্রেফতারে ক্ষুব্ধ যুবদল

রাজশাহীতে যুবদল নেতা নিজাম আলীর নিঃশর্ত মুক্তির দাবি
টুইট ডেস্ক: রাজশাহীতে যুবদল নেতা নিজাম আলীকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।
সোমবার (২৭ এপ্রিল) মহানগর যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী এবং গভীর উদ্বেগের বিষয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় প্রকৃত আসামি ছিলেন চালক মিজানুর রহমান মিজান। কিন্তু সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশ নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বলা হয়, মামলার বাদী আবুল কাশেম টুলু নিজেই বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে স্পষ্টভাবে জানান—নিজাম আলী তার মামলার আসামি নন; বরং প্রকৃত আসামি চালক মিজানুর রহমান মিজান।
তারপরও যথাযথ তদন্ত ছাড়াই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজাম আলীকে কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করা হয়। যুবদল নেতারা এটিকে প্রশাসনিক দায়িত্বহীনতা এবং ন্যায়বিচারের পরিপন্থী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে ন্যায্য বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভুল তথ্যের ভিত্তিতে কাউকে হয়রানি করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনায় প্রশাসনের আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছেন নেতারা।






