ক্রিকেটারদের ইতিবাচক সাড়া দিলেন প্রশাসক রিটন

নগর ভবনে ক্রিকেটারদের সঙ্গে প্রশাসকের আলোচনা, উন্নয়নে আশ্বাস।
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম (ক্রিকেটার)–এর সদস্যরা। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো সংকট এবং স্থানীয় ক্রিকেটের সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ফোরামের সদস্যরা রাজশাহীতে ক্রিকেটের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে মাঠের সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়। তারা স্থানীয় পর্যায়ে নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রশাসনিক সহায়তা কামনা করেন।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ক্রীড়া খাতের উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই রাজশাহীতে একটি শক্তিশালী ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও জানান, নগরীর ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিটি কর্পোরেশন ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করছে, যাতে ভবিষ্যতে রাজশাহীর ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে আরও ভালো অবস্থান তৈরি করতে পারেন।
সৌজন্য সাক্ষাৎটি স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






