উখিয়ায় সড়কে প্রাণ গেল তরুণ শ্রমিকের

গভীর রাতে বেপরোয়া পিকআপের ধাক্কা, যান জব্দ,চালক পলাতক।
টুইট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলায় সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে দ্রুতগতির একটি পিকআপের চাপায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি; পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উখিয়ার কোর্টবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রবিউল (২২) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার বাসিন্দা।
তিনি সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নির্জনতায় একটি পিকআপ বেপরোয়া গতিতে এসে প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে কাজ করা শ্রমিক রবিউল মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুর্ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে নিয়ন্ত্রণহীন গতিতে যান চলাচল এবং পর্যাপ্ত তদারকির অভাবই এমন দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।






