সংসদে ‘ভয় ও আতঙ্কের পরিবেশ’ অভিযোগ

মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে,বললেন হাসনাত; ক্যাম্পাস রাজনীতি ও মামলার সংস্কৃতি নিয়ে উদ্বেগ।
টুইট ডেস্ক: জাতীয় সংসদে আবারও ‘ভয় ও আতঙ্কের পরিবেশ’ তৈরির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং সমালোচনাকে দমন করার প্রবণতা বাড়ছে।
রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমরা এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, নির্ভয়ে সামাজিক মাধ্যমে লিখতে চাই। কিন্তু বাস্তবে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ ‘ব্যাকস্পেস’ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে মামলা ও হয়রানির একটি চক্র আবার সক্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ার কারণেও ব্যক্তিদের তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
এ ধরনের অন্তত কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা শুধু সহমতের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা প্রকৃত স্বাধীনতা নয়; দ্বিমত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।”
সংসদ সদস্য হাসনাত আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ আবারও ‘দোষারোপের চক্রে’ আটকে পড়ছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে বলেন, “গেস্টরুম ও গণরুম সংস্কৃতি পুনরায় চালুর চেষ্টা হচ্ছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করবে।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে, যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে।
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এসব প্রতিষ্ঠান নেতা তৈরির কারখানায় পরিণত হওয়া উচিত নয়।”
মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা হ্রাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সংস্কারের নামে বিভিন্ন উদ্যোগ স্থগিত বা বাতিল করা হলে জনআস্থা আরও কমে যাবে।
বক্তব্যের শেষাংশে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “যদি আমরা আবার বিভাজনের পথে হাঁটি, তাহলে রাজনৈতিক দলগুলো নয়,বরং অতীতে যাদের পরাজিত করা হয়েছে তারাই লাভবান হবে।”
সংসদে তার এই বক্তব্য নতুন করে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে আলোচনা উসকে দিয়েছে।






