প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, তবে খুব বেশি শঙ্কিত নন ট্রাম্প

টুইট ডেস্ক: হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ, তবে তিনি খুব বেশি আতঙ্কিত নন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়-রাজনৈতিক সহিংসতা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না। জবাবে তিনি বলেন, তিনি উদ্বিগ্ন, তবে এটিকে দায়িত্বের অংশ হিসেবেই দেখেন।

তিনি বলেন, “আমি এখানে একটি কাজ করতে এসেছি। প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ-এটা কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বেশি বিপজ্জনক আর কোনো দায়িত্ব আছে। তবে আমি দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করতে গর্ববোধ করি।”

হালকা রসিকতা করে তিনি আরও বলেন, “যদি আগে জানতাম দায়িত্বটা এত ঝুঁকিপূর্ণ, তাহলে হয়তো আমি নির্বাচনে অংশই নিতাম না।”

ঘটনার সময় অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পসহ উপস্থিত সবাইকে দ্রুত নিরাপত্তা বাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে জানা যায়, ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সবাই নিরাপদে আছেন।

এই নৈশভোজে হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ অনেকেই উপস্থিত ছিলেন। ঘটনার পর পুরো অনুষ্ঠানস্থলে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং অতিথিদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।