কলম্বিয়ায় মহাসড়কে বোমা বিস্ফোরণ, নিহত ১৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলায় শিশুসহ বহু আহত, সন্ত্রাসী তৎপরতার অভিযোগ।
টুইট ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাউকা অঞ্চলের কাজিবিও এলাকার এল টুনেল নামক স্থানে প্যান-আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ঘটনাস্থলে এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহতের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।
তিনি এই হামলাকে বেসামরিক মানুষের ওপর ‘নির্বিচার ও নৃশংস আক্রমণ’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে কঠোর ও ধারাবাহিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মহাসড়কে পুড়ে যাওয়া যানবাহন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মানুষের চিত্র।
কলম্বিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তিনি একে মাদক চক্র সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর কাজ বলে দাবি করেন।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, চরমপন্থী ও মাদক পাচারকারী হিসেবে আখ্যায়িত করেন।
অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ সশস্ত্র গোষ্ঠীর দখল ও আধিপত্য বিস্তারের সংঘাতে উত্তপ্ত। বিশেষ করে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও বন্দরমুখী রুট নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






