হোটেল লবিতে গুলি: নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ওয়াশিংটনে সাংবাদিকদের অনুষ্ঠানে আতঙ্ক, নিরাপত্তা বলয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে।

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের একটি নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপত্তা বলয়ে সরিয়ে নেয় তার গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প খাবার টেবিলে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ বাঙ্কেট হলের পাশ থেকে বিকট শব্দ শোনা গেলে তার নিরাপত্তা সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান। একই সময়ে ফার্স্ট লেডি Melania Trumpকেও অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী হোটেলের লবিতে প্রবেশ করে গুলি চালায়। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হলেও, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি সমিতির সভাপতি জানিয়েছেন, সাময়িক বিরতির পর নৈশভোজ অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

ঘটনার সময় বাঙ্কেট হলে উপস্থিত সাংবাদিক, অতিথি ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং উপস্থিত সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি দুজনই নিরাপদ ও সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।