ফেরিঘাটে রহস্যময় দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জামালপুর শহরের পৃথক স্থান থেকে এক বৃদ্ধ ও মধ্যবয়সীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, পরিচয় শনাক্ত হলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
টুইট ডেস্ক: জামালপুর শহরের ফেরিঘাট এলাকায় একই সময়ে ও কাছাকাছি দুটি পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে কেসমত আলী (৭৬) এবং শেরপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মৃত হারিদ আলীর ছেলে বাবুল মিয়া (৫৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ফেরিঘাট এলাকার পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে প্রথমে এক বৃদ্ধের মরদেহ পাওয়া যায়।
কিছুক্ষণ পর একই টার্মিনালের কিছুটা দূরে রাস্তার পাশে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার উপপরিদর্শক সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হয়। পরে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই এলাকায় দুই মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।






