বন্যপ্রাণী সচেতনতায় ব্যতিক্রমী বার্তা

সাংবাদিক সম্মেলনে বিপন্ন প্রাণী নিয়ে আলোচনায় প্রশংসিত আবু আজাদ, বন কর্মকর্তার ইতিবাচক প্রতিক্রিয়া।
টুইট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত একটি সাংবাদিক প্রতিনিধি সম্মেলনে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে ব্যতিক্রমী উপস্থাপনা দিয়ে আলোচনায় এসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন বিভাগের ইনচার্জ আবু আজাদ। তার এই উদ্যোগকে সময়োপযোগী ও সচেতনতামূলক হিসেবে অভিহিত করেছেন বন অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা।
সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সংবাদ উপস্থাপনার মানোন্নয়ন নিয়ে আলোচনা চললেও, সেখানে আবু আজাদ তার প্রেজেন্টেশনে দেশের মহাবিপন্ন বন্যপ্রাণী যেমন,বাঘ, হাতি, উল্লুক, ঘড়িয়াল, ডলফিনসহ বিভিন্ন প্রাণীর চিত্র যুক্ত করেন।
বিষয়ভিত্তিক আলোচনার বাইরে গিয়েও এই সংযোজন উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলাদা দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তীতে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে আবু আজাদের এই উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, এ ধরনের উপস্থাপনা সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আবু আজাদ নিজের প্রতিক্রিয়ায় জানান, সাংবাদিকতা কেবল তথ্য প্রচারের মাধ্যম নয়, বরং সমাজে সচেতনতা সৃষ্টির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তার মতে, যদি একজন মানুষও এই উপস্থাপনা দেখে বন্যপ্রাণী সংরক্ষণে অনুপ্রাণিত হন, সেটিই হবে তার প্রচেষ্টার সার্থকতা।
বিশেষজ্ঞরা মনে করছেন, গণমাধ্যমকেন্দ্রিক এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সাংবাদিকতার পরিধিকে আরও জনসম্পৃক্ত করে তুলতে সহায়ক হবে।






