তেলবাজদের থেকে দূরে থাকার পরামর্শ

তারেক রহমানকে লক্ষ্য করে কর্নেল অলির কড়া বার্তা, গণভোট বাস্তবায়নে সময়সীমা বেঁধে দিলেন

টুইট ডেস্ক; রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেছেন, “যারা কান কথা বলে ও তেল মারে, তাদের থেকে দূরে থাকেন” আর এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ সরাসরি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো আন্দোলন শুরু হলে তা মোকাবিলার সক্ষমতা সরকারের নেই, এমনকি মন্ত্রীরাও পরিস্থিতি সামাল দিতে পারবে না।

তিনি তারেক রহমানকে অভিজ্ঞ নেতাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভয় বা অহংকারে নিষ্ক্রিয় হয়ে থাকলে চলবে না। বরং বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে সংলাপে বসে দেশের সংকট সমাধানের পথ খুঁজতে হবে।

“চারপাশে যারা আপনাকে ঘিরে রেখেছে, তাদের সব কথা শুনলে চলবে না,এই বেষ্টনী ভাঙতে হবে,” যোগ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে কর্নেল অলি বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হবে। ঢাকার বাইরে ৬৪ জেলায় আন্দোলন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দলের ভেতরের অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। “চাঁদাবাজি করলে নিজের লোকদেরই জেলে ঢোকান, জনগণকে দেখানআপনি নেতৃত্ব দিতে সক্ষম,” এমন বার্তাও দেন তিনি।

সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই বক্তব্য ক্ষমতার ভেতরের কৌশলগত দুর্বলতা ও সিদ্ধান্ত গ্রহণের সংকটকে সামনে নিয়ে এসেছে।