যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি, সন্ধান নেই এখনও

ফ্লোরিডায় অভিযান চলছে; আরেক শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার।

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনও কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে বের করতে স্থানীয় নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।

নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নাহিদা বৃষ্টি জীবিত আছেন নাকি নিহত হয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আটক সন্দেহভাজন হিশাম সালেহ আবুগারবেই–কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা এখনও নাহিদাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। এই মুহূর্তে তিনি জীবিত নাকি মৃত-তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্ত চলমান থাকায় এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাটি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।