দলীয় প্রতীকহীন ভোটে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা

স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন ও স্মরণীয়,এ্যানির মন্
টুইট ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার ভাষ্য, এমন বাস্তবতায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন “মনে রাখার মতো” একটি নির্বাচনে পরিণত হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল বড় ধরনের চ্যালেঞ্জের। সেই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনও কঠিন পরীক্ষায় পরিণত হচ্ছে।
বিশেষ করে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাই হবে মূল নির্ধারক।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধির অভাব থাকায় তৃণমূল পর্যায়ে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় চেয়ারম্যান ও সদস্য না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনসেবা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, “যারা প্রার্থী হতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকতে হবে এবং মানুষের প্রয়োজনে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।” একইসঙ্গে একাধিক প্রার্থী হওয়ার প্রবণতা নিয়েও সতর্ক করে দিয়ে তিনি বলেন, এতে দলীয় শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় সরকার প্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরে এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কর্মদক্ষতা সরাসরি জনগণের জীবনমানের সঙ্গে সম্পৃক্ত। সঠিক নেতৃত্ব না থাকলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নিতে না পারলে ভবিষ্যতে তার প্রভাব পুরো সমাজকে ভোগ করতে হবে।
স্থানীয় পর্যায়ে নির্বাচনকে সামনে রেখে এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






