অগ্রাধিকার কর্মপরিকল্পনায় এগোচ্ছে বান্দরবান

৩ বছর মেয়াদি পরিকল্পনায় উন্নত ও বাসযোগ্য জেলা গড়ার প্রত্যয়।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাকে পরিকল্পিত উন্নয়নের ধারায় এগিয়ে নিতে ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

সভায় পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন খাতভিত্তিক বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এসব খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলার উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব।

এছাড়া স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পরিকল্পনাগুলো বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, বাস্তবধর্মী ও কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং তা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা সম্ভব।