পূর্বাচল ঢাকায়, এমপি সুবিধায় কাটছাঁট

মন্ত্রিসভার বৈঠকে বড় প্রশাসনিক পুনর্বিন্যাস ও ব্যয়সংকোচনের সিদ্ধান্ত।

টুইট ডেস্ক: রাজধানীর সম্প্রসারণ ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকার সঙ্গে যুক্ত করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা সরকারি ব্যয়সংকোচনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীন পূর্বাচল এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। পাশাপাশি এ অঞ্চলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।

প্রশাসনিক জটিলতা কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট অংশ ঢাকা জেলায় যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে পূর্বাচলে নাগরিক সেবা, নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় গতি আসবে বলে সরকারের প্রত্যাশা।

মন্ত্রিসভার বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগে ৪ জুন পালিত হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে এ দিবস উদযাপন করা হবে, যা আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পুঁজিবাজার ও বীমা খাতে দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগে বিদ্যমান সীমাবদ্ধতা দূর হবে বলে মনে করছে সরকার।

অন্যদিকে, সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ‘সংসদ সদস্যদের পারিশ্রমিক ও ভাতা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এ সুবিধা বাতিলের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

সার্বিকভাবে মন্ত্রিসভার এ সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে রাজধানী ব্যবস্থাপনায় সমন্বয় বাড়বে, প্রশাসনিক জটিলতা কমবে এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা আসবে,এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।