ছাত্রদলকে নিয়ন্ত্রণে আনতে বিএনপিকে কঠোর বার্তা

মাগুরা সম্মেলনে জামায়াত নেতা মোবারকের হুঁশিয়ারি,‘সহিংসতা না থামালে পরিণতি হবে ভয়াবহ’
টুইট প্রতিবেদক: মাগুরায় অনুষ্ঠিত এক দলীয় সম্মেলন থেকে ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন।
তিনি দাবি করেন, অতীতের শাসনামলের পুনরাবৃত্তি ঘটলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎও সংকটে পড়তে পারে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি কয়েক মাসের মধ্যেই সেই পথে হাঁটা শুরু করেছে,এটি শুভ লক্ষণ নয়।”
তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সহিংসতার পথ বেছে নিলে তা শেষ পর্যন্ত দলটির জন্যই ক্ষতিকর হবে।
তিনি সরাসরি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
একই সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক শক্তি ও আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, শিক্ষাঙ্গনে তাদের প্রভাব অব্যাহত রয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন।
তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং আদর্শিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকালে একই ভেন্যুতে মহিলা শাখার পৃথক সম্মেলন অনুষ্ঠিত হয়।






