প্রাথমিক শিক্ষক নিয়োগে জট, রোববার থেকে লাগাতার অবস্থান।

সুপারিশপ্রাপ্ত ১৪ হাজারের বেশি প্রার্থীর ক্ষোভ,আড়াই মাসেও নিয়োগপত্র নয়, অনিশ্চয়তায় পরিবার।
টুইট প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছে প্রার্থীরা।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তারা আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। আগামী রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা জানান, পূর্বঘোষিত ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রার্থীদের অভিযোগ, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হলেও আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি।
অথচ নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ, মাদক পরীক্ষার প্রতিবেদনসহ সব প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন।
তাদের দাবি, গত ১ মার্চের মধ্যেই সনদ যাচাই ও পরিচিতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপরও নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে থাকাকে ‘প্রহসন’ হিসেবে দেখছেন তারা।
অনেক প্রার্থী ইতোমধ্যে পূর্বের চাকরি ছেড়ে দেওয়ায় আর্থিক সংকট ও মানসিক চাপ বেড়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে দাবি প্রার্থীদের।বিষয়টি স্পষ্ট করতে এবং দ্রুত নিয়োগ নিশ্চিতের দাবিতে তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
প্রসঙ্গত, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ববর্তী সরকারের আমলেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত নিয়োগপত্র ইস্যু না হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা খাতে এমন অচলাবস্থা দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মত বিশ্লেষকদের।






