এমপিদের এক মাসের বেতন চায় জুলাই ফাউন্ডেশন

তহবিলে তীব্র সংকট,২৩৭ কোটি টাকার ঘাটতি, সহায়তা না পেলে থমকে যেতে পারে আহত ও শহীদ পরিবার পুনর্বাসন কার্যক্রম।
টুইট প্রতিবেদক: জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ সদস্যদের এক মাসের বেতন অনুদান হিসেবে চেয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
আর্থিক সংকটে কার্যক্রম হুমকির মুখে পড়ায় এমন আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীতে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বলেন, বর্তমানে তাদের অপারেশনাল হিসাবে এক লাখ টাকারও কম অর্থ রয়েছে, যা দিয়ে আগামী মাসের বেতন,ভাতা ও অফিস ব্যয় নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি জানান, এর আগে বিভিন্ন উৎস থেকে পাওয়া ১২০ কোটি টাকা দিয়ে ৮৩২টি শহীদ পরিবার এবং ছয় হাজার ১২৭ জন আহত যোদ্ধাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পাশাপাশি ১০৫টি পরিবারকে পুনর্বাসন এবং অনেককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
তবে মোট প্রায় ১৪ হাজার আহতকে সহায়তা দিতে প্রয়োজন ৩৩৭ কোটি টাকা। এতে ২৩৭ কোটি টাকার বড় ঘাটতি তৈরি হয়েছে।
কামাল আকবর বলেন, “আমরা এখনও অর্ধেকের বেশি আহতকে সহায়তা দিতে পারিনি। এতে মানুষের আস্থা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, অফিস পরিচালনা, ভাড়া ও কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন হয়।
সংসদের স্পিকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমান সংসদ সদস্যরা আন্দোলনের প্রেক্ষাপটে দায়িত্বে এসেছেন,তাই শহীদ ও আহতদের প্রতি তাদের নৈতিক দায় রয়েছে। সংসদে বিষয়টি উত্থাপন করে সব দলের এমপিদের এক মাসের বেতন অনুদানে দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক আহসান হাবিব জানান, দীর্ঘমেয়াদি আয়ের উৎস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি জমি পাওয়া গেছে, যা উন্নয়ন করে ভাড়া থেকে নিয়মিত আয় নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান বলেন, “আমরা আমাদের সন্তানদের আত্মত্যাগকে বাঁচিয়ে রাখতে চাই। এজন্য এই ফাউন্ডেশনকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি।”






