অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারপতি আব্দুল মান্নান বিচারকাজ থেকে বরখাস্ত

ভিডিও ভাইরালের পর প্রধান বিচারপতির সিদ্ধান্ত

টুইট ডেস্ক: কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকার্য পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। ফলে তিনি আপাতত বিচারকাজ থেকে বিরত রয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ৩ এপ্রিল কুমিল্লার একটি এপেক্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে। সেখানে বিচারপতি আব্দুল মান্নান অসৌজন্যমূলক আচরণ করেন এবং নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।