রিহ্যাবের নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণ সম্পন্ন

দুই বছরের জন্য ড. আলী আফজাল সভাপতি, আবাসন খাতে সাশ্রয়ী ও টেকসই নগরায়ণের অঙ্গীকার।
টুইট ডেস্ক: রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব তাদের কার্যক্রম শুরু করে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক।
আগামী দুই বছর তারা সংগঠনের নেতৃত্ব দেবেন। বোর্ড সভায় বিভিন্ন পর্যায়ের সহ-সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন এবং দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ৭ জন কর্মকর্তা ও ২২ জন পরিচালক নির্বাচিত হন। আপিল নিষ্পত্তির পর ২১ এপ্রিল চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানায়।
দায়িত্ব গ্রহণের পর নতুন নেতৃত্ব আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে একাধিক অঙ্গীকার ব্যক্ত করে।
তারা কৃষিজমি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তাদের মতে, অপরিকল্পিত নগরায়ণের কারণে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
নেতারা আরও জানান, ঢাকার আশপাশে প্রায় ৪৫ লাখ টাকার মধ্যে ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার ও সরকারি নীতিগত সহায়তার মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনাও রয়েছে।
তারা বলেন, দীর্ঘদিনের সমস্যা,উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং প্রকল্প অনুমোদনের জটিলতা,সমাধানে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে কাজ করা হবে।
একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
নতুন নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করে জানায়, পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে কৃষিজমি সংরক্ষণ সম্ভব হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের নতুন সম্ভাবনা তৈরি হবে।






